রাজধানীর রূপনগরে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে মেজর (অব.) জাহিদুল ইসলাম নিহতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রূপনগর থানার এসআই মেহেদী হাসান বাদী হয়ে রবিবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় জাহিদুল ইসলামের ছুরিকাঘাত ও গুলিতে রূপনগর থানার ওসি সৈয়দ সহিদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও এসআই মমিনুর রহমান আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। জঙ্গি নেতার হামলা প্রতিরোধ করতে এসআই মেহেদী হাসান, এসআই মামুন, এসআই মমিনুর রহমান, এএসআই বোখারী, এএসআই পলাশ ও কনস্টেবল সোহেল গুলি চালায়। এতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে জঙ্গি নিহত হয়।
মামলায় ঘটনাস্থল থেকে ৪৬ ধরনের আলামত জব্দ করা হয়েছে। জব্দকৃত তালিকার মধ্যে রয়েছে, ১ রাউন্ড গুলি ভর্তি সিলভার রঙের একটি পিস্তল, ১ টি বুলেট, ২ টি চাপাতি, ২ টি চাকু, গুলির খোসা ১১ টি, এসএমজি’র গুলির খোসা ৪ টি, ১ লোহার র্যাত, ১ টি স্কু ড্রাইভার, পবিত্র কোরআন শরীফ ৩ টি সহ ইসলাম ধর্মীয় ৩৮ টি বই, ১ জোড়া সেনাবাহিনীর মোজা, ১ জোড়া স্যান্ডেল ও ২ টি চাবি।
ইত্তেফাক/এএম।
