ঈদ উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৪
 
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী জানান, রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ছাড়াও থাকছে অস্থায়ী কন্ট্রোলরুম, ওয়াচ টাওয়ার, জাল টাকা শনাক্তকরণ মেশিন ও অতিরিক্ত অর্থ পরিবহণে বিশেষ মানিস্কর্ট সুবিধা।
 
তিনি বলেন, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং প্রবেশ ও বহির্গমনের পয়েন্টগুলোতে বিশেষ নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। জালটাকা বিস্তার ও লেনদেন ঠেকাতে পশুর হাটগুলোতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
 
সান্ধ্যকালীন ব্যাংকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ পরিবহণে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় মানি স্কর্ট প্রদান করা হবে। প্রতিটি পশুরহাটে অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম স্থাপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও কন্ট্রোল রুমের নম্বরগুলোতে ফোন করে পাওয়া যাবে প্রয়োজনীয় সেবা । কন্ট্রোলরুমের ফোন নম্বর হলো: ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৭১১৮৮, ৯৫১৪৪১০০, ৯৫৫৯৯৩৩।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস