খাগড়াছড়িতে বিএনপি নেতা হত্যায় জড়িত সন্দেহে আটক ৪

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪০
 
খাগড়াছড়ির দিঘীনালায় বিএনপি নেতা বাদল খাঁ হত্যার ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দীঘিনালা থানায় মামলা দায়েরের পর এদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন— মো. নাসির পিসি, নাসির হোসেন, মো. সিদ্দিক ও আনোয়ার হোসেন। তাদের বাড়ি দিঘীনালায়।
 
দিঘীনালা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সোমবার সকালে উপজেলার বোয়ালখালী আশ্রম এলাকায় বাড়ির পাশে নিজের চায়ের দোকান থেকে বাদল খাঁর (৪৫) লাশ ও তার স্ত্রী কুলসুমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
 
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানিয়েছেন, মঙ্গলবার কুলসুমের জ্ঞান ফিরেছে।
 
ওসি বলেন, কুলসুম শঙ্কামুক্ত রয়েছেন, তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়নি।
ইত্তেফাক/এএম।