চট্টগ্রাম অফিস
ব্যবসা, ভ্রমণ, চিকিত্সাসহ বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের প্রথম পছন্দ প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতে ভ্রমণের সঠিক তথ্য জানার জন্য নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বাণিজ্য মেলায় ‘ভিজিট ইন্ডিয়া’ নামে স্টল চালু করেছে ভারতীয় দূতাবাস চট্টগ্রাম। বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে আগ্রহী লোকজনকে সহজেই সব তথ্য জানাতে ‘ভিজিট ইন্ডিয়া’ স্টলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে এ স্টলের উদ্বোধন করেন ভারতীয় দূতাবাস চট্টগ্রামের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
উদ্বোধনকালে অনিন্দ্য ব্যানার্জি বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর লাখ লাখ লোক ভারত ভ্রমণে যায়। এ কারণে আমরা বাংলাদেশের জনগণের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছি। দূর-দূরান্তে বসবাসকারী লোকজন যাতে সহজে ভিসা নিতে পারে এ জন্য চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি ভিসা সেন্টার চালু করেছি। তিনি বলেন, ২০১৭ সালে চট্টগ্রাম থেকে ১ লাখ ৬০ হাজার লোককে আমরা ভিসা দিয়েছি। ২০১৮ সালে তা বেড়ে ১ লাখ ৮৯ হাজারে দাঁড়িয়েছে। আরও বেশি লোককে ভিসা দিতে চাই আমরা। এ কারণে ভারত ভ্রমণ আরও সহজ ও আনন্দদায়ক করতে চট্টগ্রামবাসীর জন্য এ স্টল চালু করা হয়েছে। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, মুক্তিযুদ্ধের কঠিন দিনগুলোতে ভারত আমাদের পাশে থেকে অকৃত্রিম বন্ধুর পরিচয় দিয়েছে। ১৯৭১ সালে যে বন্ধুত্বের শুরু তা এখনো অব্যাহত রয়েছে। আমরা এ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই। ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে ভারতের আরও সহযোগিতা চাই। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাস চট্টগ্রামের ফার্স্ট সেক্রেটারি শুভাশিষ সিনহা, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অঞ্জন শেখর দাশ, জহুরুল ইসলাম চৌধুরী, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফারুক।
