নিখোঁজ ছেলের সন্ধান চাইলেন মা-বাবা

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:৪১

ইত্তেফাক রিপোর্ট

দশ মাস ধরে নিখোঁজ ছেলের সন্ধান চেয়েছেন মা আজুফা বেগম ও বাবা ছমিরউদ্দিন। গতকাল শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া বাদাপাড়া গ্রামের এই দম্পতি তাদের ছেলে ফজলু মিয়ার সন্ধান চান। তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুরের পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আলহাজ মো. আবুল কালাম আজাদ।

তারা জানান, তাদের একমাত্র উপার্জনক্ষম ছেলে ফজলু মিয়া (২৫) গাজীপুর জেলার কোনাবাড়িতে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর হাজী শফিউদ্দিন ওরফে ল্যাংড়া শফির ছেলে শাহীনুর ইসলাম দীপুর (৩০) ইন্টারনেট ব্যবসা দেখা-শোনা করতো। গত বছরের ২৪ মে রাতে শাহীনুর মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নেয় দীপুকে। এরপর দীর্ঘ ১০ মাসেও ফজলুর সন্ধান মিলেনি। ফজলুর মা গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে ওই মামলার তদন্তভার পায় পুলিশের কোনাবাড়ি থানা। থানার ওসি এমদাদ হোসেন অপহরণ মামলার আসামিকে গ্রেফতার না করে থানায় ডেকে এনে মামলা দায়ের করার তথ্য দেন ।

তারা আরও বলেন, আমাদের আশঙ্কা ফজলুকে মারপিট করে হত্যার পর লাশ গুম করা হয়েছে। মামলার আসামিরা হলেন, কোনাবাড়ি থানার (সাবেক জয়দেবপুর) বামৈল এলাকার শফিকুল ইসলাম শফির ছেলে শাহিনুর ইসলাম দীপু ও তার ভাই মো. ঝিকু মিয়া, তাদের মা মোছা. বাছি বেগম, দীপুর বাবা শফিকুল ইসলাম শফি, তাদের দোকানের কর্মচারি উজ্জল, মুস্তাফা ও সাইফুল।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ছেলের অপহরণ মামলা ধামাচাপা দিতে ল্যাংড়া শফি ও তার পরিবারের লোকজন কয়েক দফায় বাদীর সঙ্গে আপোষ মীমাংসার চেষ্টা করে। তারা কিছু টাকা দিয়ে মামলা তুলে নিতে বলে। কিন্তু আমরা কিছুই চাই না শুধু ছেলেকে ফেরত চাই। ছেলেকে উদ্ধারের বিষয় তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, র্যাবের ডিজি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।