প্রাকৃতিক আঁশ থেকে উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪০
 
পলিথিনের বিকল্প হিসেবে প্রাকৃতিক আঁশ থেকে উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বিশ্বব্যাপী পলিথিন ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক উৎস থেকে তৈরি বিকল্প পণ্যের ব্যবহার বাড়ছে। এ সুযোগে বাংলাদেশে পাট, কলাগাছের বাকল এবং আনারসের পাতা থেকে আঁশভিত্তিক পণ্য উৎপাদনের মাধ্যমে রফতানি বহুমুখীকরণের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
 
বুধবার রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে আয়োজিত “প্রাকৃতিক আঁঁশ থেকে উত্পাদিত পণ্যের সম্ভাবনা” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্বারোপ করেন মন্ত্রী। শিল্প মন্ত্রণালয় এবং ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ ইন্সপায়ার্ড প্রকল্পের আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এর আয়োজন করে।
 
শিল্পমন্ত্রী বলেন, সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন শিল্প পার্ক ও শিল্পনগরিগুলোতে ন্যূনতম শতকরা ১০ ভাগ প্লট নারীদের জন্য বরাদ্দ দেয়া হচ্ছে। ভবিষ্যতে নতুন স্থাপিত শিল্পনগরিতেও নারীদের অগ্রাধিকারভিত্তিতে প্লট বরাদ্দ দেয়া হবে।
 
ইত্তেফাক/এএম।