ইত্তেফাক রিপোর্ট
শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসই নয়, একইসঙ্গে বাঙালি জাতি গঠনের ইতিহাস সার্বিকভাবে জেনে নতুন ইতিহাস রচনায় ব্রতী হতে তরণদের প্রতি আহ্বান জানিয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। গত শুক্রবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ট্রাস্টি মফিদুল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আরেক ট্রস্টি রবিউল হুসাইন।
হাসান আজিজুল হক বলেন, শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে চলবে না। মুক্তিযুদ্ধের পূর্বাপর ইতিহাস তোমাদের জানতে হবে। তোমরা সবটুকুই জানো, ভালো মন্দ দিক সবটাই জানা উচিত্। তাহলে একদিন তোমরা এক নতুন ইতিহাস রচনা করতে পারবে। দেশকে ভালোবেসে তোমরা বাংলাদেশকে একদিন সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত করবে।
তিনি আরো বলেন, আজকে নতুন প্রজন্ম যদি দেশ ও জাতি গঠনের ইতিহাস না জানে, তবে তারা মুর্খ থাকবে। কিভাবে একটি জাতি নিজের বৈশিষ্ট্য বজায় রেখে দেশ গঠন করল, সে কথা তাদের জানতে হবে। বাঙালি জাতি যখন জাগে, তখন তারা এক বিপ্লবী জাতি। তাদের অভ্যাস খারাপ, তারা ঘুমিয়ে না পড়লেও নিশ্চিন্ত হয়ে বসে থাকে। তাদের ধাক্কা না দিলে জাগে না তখন।
হাসান আজিজুল হক বলেন, ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ এখনও মেনে নিতে পারেননি তিনি। এ এক অবাস্তব রাষ্ট্র। হাজার হাজার মাইলের ব্যবধানে একটি দেশ এ দেশে এসে শাসন করবে। এটা কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না। তবে যখন ধর্মীয় সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠে তখন তিনি জাতিতে জাতিতে ভাতৃত্বের কথা বলেন।
