নিরাপত্তা নিশ্চিত করুন -------------- শাহ আহমদ শফী

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:৫৫

দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

আল্লামা শফী বলেন, সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতন ও নিপিড়নের শিকার। বড় সংকটময় পরিস্থিতিতে তারা জীবন-যাপন করছে। পৃথিবীর প্রায় সব কটি মুসলিম দেশ শত্রুদের দ্বারা আক্রান্ত। পাশ্চাত্যের অপসংস্কৃতির কালো থাবা মুসলিম উম্মাহকে পর্যুদস্ত করে চলেছে। এমন সংকটময় মুহূর্তে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম দিকহারা উম্মাহর পথ প্রদর্শনে নিয়োজিত আছেন।

ইহুদি-খ্রিস্টান এবং শিয়া সম্প্রদায় মুসলিম উম্মাহকে নেতৃত্বশূন্য করে দেয়ার লক্ষ্যে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের হত্যার টার্গেট করেছে। এই অপচেষ্টায় যদি তারা সফল হয়ে যায়, তাহলে মুসলিম উম্মাহ সহজেই দিক হারিয়ে ফেলবে। তাদের দুনিয়া থেকে সরিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে সন্ত্রাসীরা।

এরই ধারাবাহিকতায় গতকাল জুমাবার পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এবং তার স্ত্রী সুস্থ আছেন।

বাংলাদেশেও এমনটা হবে না, তা শতভাগ নিশ্চিত করে বলা যায় না। আমি মনে করি, শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের নিরাপত্তার লক্ষ্যে দেহরক্ষী রাখা জরুরি। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।