দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া গিয়ে এক বছরের মাথায় লাশ হয়ে ফিরলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মুক্তার হোসেন (৩৪)।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে মুক্তারের লাশ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্না ও আহাজারিতে উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাতাশ ভারি হয়ে ওঠে। আট বছরের একমাত্র শিশু ছেলে পিয়াস বাবাকে বলেন, ‘ওঠো বাবা আমার সঙ্গে একটু কথা বলো।’
মুক্তার দেশে কাঠমিস্ত্রির কাজ করতেন। এ কাজের সামান্য আয় দিয়ে অভাব মিটেনা। সে কারনে সংসারের অভাব দূর করতে ধার দেনা করে এবং বাড়িঘর দালালের নামে রেজিস্ট্রি করে ২০১৫ সালের সেপ্টেম্বরে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যান মুক্তার। মালয়েশিয়া যাওয়ার কিছুদিন পরেই ধরা পরেন পুলিশের হাতে। জেল খেটে অসুস্থ অবস্থায় ছাড়া পান তিনি। অবশেষে ২ সেপ্টেম্বর সেখানেই তিনি মারা গেলেন।
নিহতের বাবা অছিমদ্দিন জানান, স্থানীয় দালাল একই গ্রামের মালয়েশিয়ায় প্রবাসী বারিক হোসেনের খপ্পরে পড়ে মুক্তার হোসেন বাড়ির ভিটা দালালের নামে লিখে দিয়ে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে অবৈধভাবে মালয়েশিয়া যান। জেল থেকে ছাড়া পাওয়ার পর দেশে ফেরত পাঠানোর জন্য দালাল বারিককে বিমান ভাড়া বাবদ ৩০ হাজার টাকাও পাঠানো হয় ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
