যুক্তরাষ্ট্রে শুক্রবার দেশজুড়ে কারাগারের বন্দিরা একযোগে ধর্মঘট শুরু করেছে। কারাবন্দীদের থাকা ও কাজের পরিবেশের উন্নয়নের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানোর আহ্বানে সাড়া দিয়ে তারা এ ধর্মঘট শুরু করে।
মিয়ামি হেরাল্ড পত্রিকা জানিয়েছে, 'এই বিশৃঙ্খলার' পর ফ্লোরিডার গালফ কারেকশনাল ও মায়ো কারেকশনাল কারাগার দুটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
বুধবার রাতে ফ্লোরিডার উত্তর-পশ্চিমাঞ্চলের হোমেস কারেকশনাল কারাগারে ৪শ’র বেশি বন্দি দেশব্যাপী এই চলমান ধর্মঘটে যোগ দেয়। ফ্লোরিডার ডিপার্টমেন্ট অব কারেকশনস একে একটি 'কয়েক হাজার বন্দির একটি বড় ধরনের বিশৃঙ্খলা' হিসেবে অভিহিত করেছে।
শুক্রবার রাজ্যের সংশোধন বিভাগ হোমেজ কারাগার ও গালফ কারেকশন ইনস্টিটিউট অ্যানেক্সে সপ্তাহান্তের ভ্রমণ বাতিল ঘোষণা করেছে। তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
যুক্তরাষ্ট্রের অন্য একটি স্থানে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো কারাগারগুলোতে বন্দিদের থাকা ও কাজের পরিবেশের উন্নয়নের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে। বাসস।
ইত্তেফাক/আরএ
