জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ দূত (উপদেষ্টা) আদামা দিয়েং পাঁচ দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় এসেছেন। আজ রবিবার তিনি রাজধানীর ইস্কাটনস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশে একাত্তরের গণহত্যা’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতা করবেন। এছাড়া সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, তরিকত ফেডারেশনের ভ্রাতৃপ্রতীম সংগঠন ‘সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন’ (অরাজনৈতিক)- এর আমন্ত্রণে ঢাকায় এসেছেন আদামা দিয়েং। তাদের দু’টি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়াও সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন। উল্লেখ্য, গত বছরের মার্চে সর্বশেষ বাংলাদেশ সফর করেন দিয়েং। ওই সময়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রাখাইনে গণহত্যা ও বর্বরতার শিকার বাস্তুচ্যুত নারী-পুরুষদের সঙ্গে কথা বলেন তিনি।
