গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে কারখানায় বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানিয়েছেন।
সকালে ট্যাম্পাকো ফয়েলস নামে ওই প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ২৩ জন নিহত ও শতাধিক শ্রমিক ও পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রতিমন্ত্রী বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই লাখ টাকা করে অনুদান দেয়া হবে।
নিহতদের মধ্যে শ্রমিক ছাড়াও এক রিকশাচালকের নামও পাওয়া গেছে। তবে তার অনুদান পাওয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়।
এদিকে কারখানার মালিক সিলেটের সাবেক বিএনপি সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেন হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিডি নিউজ।
ইত্তেফাক/আরএ
