নির্বাচনের নামে সরকার রাষ্ট্রের অর্থ অপচয় করছে —পীরসাহেব চরমোনাই

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০০:৩০

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীরসাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ফলে উপজেলা নির্বাচনগুলোতে ভোটারদের কোনো আগ্রহ নেই। এভাবে নির্বাচনের নামে দেশের সম্পদ অপচয় করছে সরকার। নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা ও জনগণের ভোটারাধিকার প্রতিষ্ঠায় দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যৌক্তিকতা আবারো ফুটে উঠেছে। গতকাল শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, গ্যাস-বিদ্যুত্ খাতে সীমাহীন ঘুষ, দুর্নীতি বন্ধ না করে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবনা জনগণের পকেট কাটার শামিল। দুর্নীতি ও সিস্টেম লস বন্ধ না করে তা জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে জনগণ সেটি রুখে দেবে।

জেলা সভাপতি সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে ও সেক্রেটারি হাজী শাহাদাত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী। সম্মেলন শেষে সৈয়দ আলী মোস্তফাকে সভাপতি ও মুহাম্মদ শাহাদাত হোসাইনকে সেক্রেটারি করে ঢাকা জেলার ২০১৯-২০ ইং সেশনের নতুন কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।