নবীনগরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ গ্রেফতার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৮
 
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল মধ্য পাড়া হতে বুধবার বিকালে নবীনগর থানার পুলিশ নকল পুলিশের পোষাকে এক ভুয়া দারোগাকে খেলনার পিস্তলসহ গ্রেফতার করেছে।
 
জানা যায়, উপজেলার বড়াইল গ্রামের মরহুম ওমর ফারুকের কন্যাকে বিগত ২ বছর পূর্বে এই ভুয়া দারোগা সবুজ বিয়ে করে পালিয়ে যায়। বিয়ের পরে তার কোন খোঁজ খবর না পাওয়ায় গত ছয় মাস পূর্বে ওই মেয়ে তাকে কোর্টে ডিভোর্স দেয়। ওই মেয়ের মাকে সে গত এক মাস পূর্বে ফোন করে জানায় তার পুলিশে চাকরী হয়েছে। এই সুবাদে বুধবার বিকালে মরহুম ওমর ফারুকের বাড়িতে ওই ভুয়া দারোগা খেলনার পিস্তল ও ভুয়া ওয়ারেন্ট নিয়ে তার ছেলে জনিকে গ্রেফতারের ভয় দেখায়।
 
ভুয়া দারোগা জনিকে ২ লক্ষ টাকা দেয়ার জন্য বলে এবং টাকা দিলে সব সমস্যা সমাধান করে দেবে বলে জানায়। এ সময় জনি সুকৌশলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেনকে খবর দেয়। চেয়ারম্যান ঘটনাস্থলে এসে পোশাকের উপর দারোগার সোল্ডার ব্যাজ না থাকায় সন্দেহ প্রকাশ করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।
 
ভুয়া দারোগা লাকসাম থানার বাকই ইউনিয়নের কোয়ার গ্রামের গুলজার মিয়ার ছেলে সবুজ (২৮) এবং পুলিশের পোষাকটি কুমিল্লা থেকে ক্রয় করেছে বলে সে জানায়। পুলিশ তার নিকট হতে আদালতের ভুয়া কাগজ পত্র ও ভুয়া পুলিশের পরিচয় পত্র উদ্ধার করে।
 
ওসি ইমতিয়াজ আহম্মেদ সত্যতা স্বীকার করে বলেন, সে একেক সময় একেক ঠিকানা বলছে। তা যাচাই বাছাই করা হচ্ছে। তার শরীরে দরোগা পোষাক ছিল না, সিপাইয়ের পোষাক ছিল।
 
ইত্তেফাক/আরএ