জার্মানির উত্তরাঞ্চলের শহর বিয়েলেফেল্ডর একটি রেস্টুরেন্ট থেকে হিজাব পরা এক নারীকে বের করে দেয়া হয়েছে। এই ঘটনা দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
অনেকেই রেস্টুরেন্ট ম্যানেজারের সমালোচনা করে রেস্টুরেন্টের ফেসবুক পেজে কমেন্ট করেছিলেন। প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখার কারণ দেখিয়ে সমালোচনামূলক প্রায় ৮০০ কমেন্ট রয়েছে এমন দুইটি পোস্ট ডিলিটও করে দিয়েছেন ওই ম্যানেজার। রেস্টুরেন্টটির ফেসবুক পেজে এখন যেসব কমেন্ট রয়েছে তার প্রায় সবগুলোই ওই ম্যানেজারের সমর্থনে করা।
রেস্টুরেন্টের ম্যানেজার তার বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তি হিসেবে তিনি বলেছেন, নব্য নাৎসিবাদীদেরকেও তিনি একইভাবে তার রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছিলেন। আফ্রিকানদের মত দেখতে এমন একজন শেফের সঙ্গে ওই ম্যানেজারের ছবি রেস্টুরেন্টটির পেজে দেয়া রয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নাইজেরিয়া, ঘানা, পাকিস্তান ও পর্তুগাল থেকে আসা কর্মীরা ওই রেস্টুরেন্টটিতে কাজ করেন।
গত কয়েক মাসে জার্মানিতে সন্ত্রাসী হামলা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মুসলমান শরণার্থীরা সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হতে পারে এমন ভয় রয়েছে জার্মান সমাজে। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস
