রায়পুরে চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৯
 
লক্ষ্মীপুরের রায়পুরে দোকানের টাকা চুরির অভিযোগে দেলোয়ার (২৫) নামের এক যুবককে পাকা একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে হাত ও কোমর বেঁধে নির্যাতন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সরকারি হাসপাতাল গেইটের সবুজের দোকানের সামনে এ ঘটনা ঘটে। দেলোয়ার উপজেলার শায়েস্তনগর এলাকার খলিল মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, রায়পুর সরকারি হাসপাতাল গেইটের সামনে বিকাল ৪ টার দিকে সবুজের দোকানে ক্যাশ থেকে ৩২’শ টাকা চুরির সময় ওই যুবককে আটক করেন সবুজের ছেলে রাকিব। পরে সবুজ ও তার ছেলেসহ প্রায় ১০-১২জন লোক দেলোয়ারকে তুলে নিয়ে দোকানের সামনের পাকা একটি খুঁটির সঙ্গে বেঁধে তার ওপর টানা ২-৩ ঘণ্টা শারীরিক নির্যাতন করেন। এই দৃশ্য দেখার জন্য সেখানে অনেক লোকজন জোড় হলেও কেউ তাকে উদ্ধার না করে উল্টো নির্যাতন করে। 
 
তবে এই প্রতিবেদক উপস্থিত হওয়ার ৫ মিনিট পর তার কোমড়ের রশি খুলে দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দেলোয়ারকে উদ্ধার করে থানা নিয়ে যায়।
 
নির্যাতিত যুবক দেলোয়ার চুরির কথা অস্বীকার করে বলেন, 'আমি দোকান থেকে কোনো টাকা কিছু চুরি করিনি। তারা আমাকে চুরির অপবাদ দিয়ে আমাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখে মারপিট করেছেন। '
 
রায়পুর থানার এসআই হারুনুর রশিদ জানান, নির্যাতিত যুবককে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
 
ইত্তেফাক/কেকে