সুন্দরগঞ্জে সন্তান হত্যার দায়ে পিতা আটক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৯
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নবাবগঞ্জ গ্রাম থেকে শনিবার বিকেলে ৬ মাসের শিশুপুত্র সিয়াম হত্যার দায়ে পিতা স্বপন মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
 
সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, স্বপন মিয়ার সঙ্গে একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে স্বপ্নার প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে গ্রাম্য সালিশে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বপ্নার কোল জুড়ে আসে একটি পুত্র সন্তান। কিন্তু বিয়ে ও সন্তান কোনটিই মেনে নিতে পারেনি স্বপনের পরিবার। তাই বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল।
 
তিনি আরো জানান, ঈদের পর শুক্রবার স্ত্রী ও সন্তানসহ শ্বশুর বাড়িতে আসেন স্বপন। রাতে তারা ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে উঠে তাদের একমাত্র সন্তানকে বিছানায় না দেখে পরিবারের সবাই খোঁজাখুজি শুরু করেন। পরে দুপুরে বাড়ির পাশে একটি ডোবায় ওই শিশুর লাশ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন মিয়া তার সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছে।