দ্বিগুণ ভাড়া দিয়েও ট্রেন-বাসের ফিরতি টিকিট মিলছে না

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ০২:১৭
আগামী বুধবার পর্যন্ত ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ও কোচের (বাস) টিকিট না থাকায় নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দিনাজপুরের ফুলবাড়ির সাধারণ যাত্রীরা।
 
দ্বিগুণ ভাড়া দিয়েও ট্রেন ও কোচের (বাস) ফিরতি টিকিট না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে কর্মস্থলে ফিরতে পদে পদে দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব যাত্রীকে।
 
সরেজমিনে গতকাল শনিবার ও গত শুক্রবার সকালে স্থানীয় রেল স্টেশনে দেখা যায়, ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্য অন্তত তিন শতাধিক যাত্রী টিকিট কাউন্টারসহ স্টেশন মাস্টারের কক্ষে ভিড় করছেন। কিন্তু আগামী বুধবার পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় কেউই টিকিট পাননি। সকলকেই বলা হচ্ছে, আগামী বুধবার পর্যন্ত ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান, একতা, নীলসাগর ও ঈদ স্পেশাল ট্রেনের কোনো টিকিট নেই। গত বৃহস্পতিবার থেকে ফলে প্রতিদিন প্রতিটি আন্তঃনগর ট্রেনের টিকিটের জন্য অন্তত তিন শতাধিক যাত্রী স্টেশনে ভিড় করলেও টিকিট না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে স্টেশন থেকে।
 
একইভাবে স্থানীয় বাস কাউন্টারগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকাগামী বাসের টিকিটের জন্য পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন শত শত যাত্রী। দ্বিগুণ দামেও নামিদামি বাসের টিকিট পাচ্ছেন না এসব যাত্রী। তবে নরমাল বাসগুলোতে টিকিট পাওয়া গেলে সেগুলোয় আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। বাধ্য হয়ে অনেকেই শত কষ্টের মধ্যেও দ্বিগুণ ভাড়া দিয়েই এসব নরমাল বাসে যাত্রা করছেন ঢাকায়।
 
ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহামুদুল হাসান, মোছা. সালমা আক্তার ও চাকরিজীবী শাহিন বিশ্বাস বলেন, ঢাকায় ফিরতে ট্রেন ও বাসের কোনোটিরই টিকিট পাওয়া যাচ্ছে না। ট্রেন ও নামিদামি কোচে যেতে গেলে ক্লাস ও চাকরি দু’টোই হারাতে হবে। এ কারণে যেভাবে হোক সময়ের মধ্যেই পৌঁছাতে হবে।
 
রেল স্টেশনের বুকিং সহকারী-১ মাহফুজুর রহমান বলেন, ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান, একতা, নীলসাগর ও ঈদ স্পেশাল ট্রেনের টিকিট আগামী বুধবার পর্যন্ত বিক্রি হয়ে গেছে। ফলে ঐ সময়ের আগে কাউকেই কোনো টিকিট দেওয়া যাচ্ছে না। আসন সংখ্যা কম হওয়ায় যাত্রীদেরকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
স্থানীয় মোটর পরিবহন শ্রমিক নেতা সেকেন্দার আলী দুলাল বলেন, নামিদামি বাসের টিকিট আগেভাগেই শেষ হয়ে গেছে। কিন্তু ভাড়া নিয়ে বেশ কয়েকটি নরমাল বাসের সংখ্যা বাড়ানোর কারণে টিকিটের তেমন সংকট হচ্ছে না। তবে একমুখী ভাড়া হওয়ার কারণে অন্যান্য সময়ের চেয়ে এখন একটু ভাড়া বেশি নিতে হচ্ছে।
 
 
ইত্তেফাক/এএন