পাবনায় নারীকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৩
 
পাবনার আটঘরিয়ায় সালমা খাতুন (২৬) নামের এক নারীকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। রবিবার সকাল সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
 
নিহত সালমা খাতুন আটঘরিয়া পৌর এলাকার কলেজপাড়া মহল্লার নিজাম উদ্দিনের মেয়ে।
 
পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, আটঘরিয়া উপজেলার সঞ্জয়পুর গ্রামের জহুরুল ইসলামের সাথে বিয়ে হয়েছিল সালমা খাতুনের। চার বছর আগে স্বামী জহুরুল তার স্ত্রীকে তালাক দেন। এরপর থেকে সালমা খাতুন আটঘরিয়া কলেজপাড়ায় তার বাবার বাড়িতে থাকতেন। শনিবার রাত আটটার পর বাড়ি থেকে বের হওয়ার পর হঠাত্ করেই নিখোঁজ হন তিনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সালমার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। রবিবার সকালে বাড়ির পাশে কলা বাগানের মধ্যে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
 
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
এদিকে নিহত সালমা খাতুনের ভাই সেলিম হোসেন অভিযোগ করেছেন, প্রতিবেশি বাহাদুর প্রামাণিকের ছেলে তসলিম হোসেন, কালাম হোসেন সহ তাদের অন্যান্য ভাইদের সাথে সালমার বাবা নিজাম উদ্দিনের পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সালমাকে তুলে নিয়ে তারা হত্যা করেছে।
 
ইত্তেফাক/এএসএস