টাম্পাকোর মালিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৫
 
টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় আগুনের ঘটনায় মালিকসহ ১০ জনকে আসামি বকরে  হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার রাতে মামলাটি করা হয়।
 
মামলার আসামিরা হলেন- টাম্পাকোর মালিক মকবুল হোসেন ওরফে লিচু মিয়া, মুকুল হোসেন, মালিকের শ্যালক তানভির হোসেন, মেয়ে আদিবা পারভিন, কারখানা ম্যানেজার শফিকুর রহমান, শফি সানি, মনির হোসেন, সমির হোসেন, আল আমিন ও মো: হানিফ।
 
এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিস্ফোরনের পর পুরো কারখানায় আগুন ধরে যায়। এসময় আগুনে দগ্ধ হয়ে ৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়। কারখানা গ্যাস লাইন লিকেজ থাকার পরও মালিক পক্ষ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে শ্রমিকদের দিয়ে কারখানা খোলা রাখেন।
 
বিস্ফোরণের ঘটনায় কারখানা মালিক ও কর্মকর্তাদের অবহেলার প্রমাণ রয়েছে। এঘটনায় টঙ্গী মডেল থানা এস আই অজয় চক্রবর্তী বাদী হয়ে মালিকসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
টঙ্গী মডেল থানা এএপি (সার্কেল) সোনাহর আলী শরিফ জানান, টাম্পাকো কারখানায় আগুনের ঘটনায় মালিক ও কর্মকর্তাদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। একারণে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মালেক খসরু খান জানান, শনিবার রাতে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/এএসএস