বরিশাল নগরীতে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৭
বরিশাল নগরীর পৃথক এলাকা থেকে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার সকাল সাড়ে নয়টায় নগরীর নবগ্রাম রোডের খান সড়কের পাশ্ববর্তী একটি ডোবা থেকে তন্নী (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। সে খান সড়কস্থ  ফয়জুল উলুম ইসলামিয়া মাদরাসার ছাত্রী।
 
তন্নীর বাবা দিনমজুর টুনু মিয়া জানান, তিনি বরগুনা জেলার বাসিন্দা। নগরীর নবগ্রাম রোডে বাসা ভাড়া করে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে নবগ্রাম রোডে বসবাস করেন। রবিবার দিবাগত রাত আটটার দিকে বাবা টুনু মিয়াকে ডেকে আনার জন্য তন্নী বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা ওই ডোবায় ভাসমান অবস্থায় তন্নীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
 
এর আগে নগরীর রুপতলীর বটতলা এলাকা থেকে অজ্ঞাত যুবকের আরো একটি লাশ উদ্ধার করা হয়। তার বয়স অনুমানিক ৩০ বছর।
 
সকাল আটটার দিকে বটতলা এলাকার জলপাইতলা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতের শরীরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন রয়েছে।
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন মামুন দুইটি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
 
এদিকে মহানগরীর বিমানবন্দর থানা এলাকা থেকে বেলা সাড়ে ১১টার দিকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
 
বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) ফিরোজ আলম মুন্সী জানান, রাস্তার পাশ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ