সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। বিবিসি'র প্রতিবেদনে সংস্থাটির বরাত দিয়ে জানানো হয়, বিদ্রোহী নিয়ন্ত্রিত এই অংশে চারবার বিমান হামলা চালানো হয়েছে।
সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু হয়েছে গত সোমবার। এক সপ্তাহ পর এই হামলার সংবাদ মিলল। এই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানালেও কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানায়নি অবজারভেটরি।
এর আগে পূর্ব সিরিয়ার দিয়ের আল জোউর শহরে আইএসের সঙ্গে লড়াইরত সিরীয় সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। তাতে অন্তত ৮০ জন সিরীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছিল অবজারভেটরি। সিরীয় সেনা অবস্থানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলার কারণে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছিল রাশিয়া। বিবিসি।
