যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভে একজন নিহত!

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০৭
পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে ইতোমধ্যে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।
 
তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তি এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তিনি মারা যান নি। তবে তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
 
মঙ্গলবার রাতে কিথ ল্যামন্ট স্কট নামে এক বেসামরিক নাগরিক পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের দাবি, গুলি করার আগে বেশ কয়েকবার সতর্ক করা হয় তাকে তিনি যেন তার অস্ত্র ফেলে দেন। নির্দেশ অমান্য করায় তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ।
 
তবে স্কটের পরিবার এ দাবি অস্বীকার করে জানায়, স্কট সেখানে বই পড়ছিল। আন্দোলনের সঙ্গে তার কোনোরকম সম্পৃক্ততা নেই। বিবিসি ও সিএনএন
 
ইত্তেফাক/এমএইচ