ছাত্রী-শিক্ষকের মোবাইল প্রেমালাপ ফাঁস, শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৪
ছাত্রীর সঙ্গে প্রেমালাপের টেপ জনসম্মুখে ফাঁস হয়ে পড়ায় ঝালকাঠির রাজাপুর উপজেলায় বড়ইয়া ডিগ্রি কলেজের এক শিক্ষক সাময়িক বরখাস্ত হলেন। বরখাস্ত হওয়া নীল কমল সানা ওই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।
 
সূত্র জানায়, ওই শিক্ষক কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর তাদের দীর্ঘদিনের কথোপকথন ওই ছাত্রী তার মোবাইল ফোনে রেকর্ড করেন। সম্প্রতি ওই ছাত্রী তার নিজ এলাকা পুটিয়াখালিতে একটি মোবাইলের দোকানে গান ডাউনলোড করতে গেলে শিক্ষার্থীর মেমোরিকার্ড থেকে দোকানের কর্মচারী ওই রেকর্ড কপি করে রাখেন। এরপর ফোন রেকর্ড ওই কম্পিউটার থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এরপর ১৪ সেপ্টেম্বর একটি সভায় কলেজ অধ্যক্ষ ও সভাপতির উপস্থিতিতে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে এক সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়। নীল কমল নোটিশের কোনো জবাব না দেয়ায় বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
 
অভিযুক্ত কলেজ শিক্ষকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
 
নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন প্রভাষক বলেন, ‘ওই ছাত্রীর অভিযোগ ছাড়াই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এটা অনৈতিক ও নিয়ম বহির্ভূত।’
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ সভাপতি শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে শোকজ করে তার কাছে জবাব চাওয়া হয়েছে। তিনি সঠিক কোনো জবাব না দেয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ