গুজরাটের উনা গ্রামে ৭ দলিতের ওপর নির্যাতনের ঘটনার পর রাজ্যটিতে “দলিত স্বাধিকার আন্দোলন” নামে কর্মসূচি শুরু করতে যাচ্ছে কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যটিতে শুক্রবার আন্দোলন কর্মসূচিটি শুরু করে কংগ্রেস।
বিরোধী দলীয় নেতা শংকরসিং ভাগেলা বলেন, বিজেপি শাসিত গুজরাটে দলিতরা বর্বর নির্যাতনের শিকার হচ্ছে। উনা গ্রামের ঘটনাটি তারই প্রমাণ। এই সরকার দলিত বিরোধী, উপজাতি বিরোধী, নারী বিরোধী। তাদের কাজ এবং বক্তব্য তারই সাক্ষ্য বহন করে।
রাজ্য কংগ্রেসের নিম্নবর্ণ সেল এর চেয়ারম্যান নওশাদ সোলানকি বলেন, আমরা দলিতদের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরুর সিদ্ধান্ত নিয়েছি। যে অধিকার হরণ করেছে বিজেপি সরকার। উনা গ্রামের ঘটনার পর দলিত অত্যাচার আন্দোলন সমিতির ব্যানারে আন্দোলন শুরু হয়।
সমিতি দলিতদের অধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছে। আগামী বছরের শেষ দিকে গুজরাটে নির্বাচন অনুষ্ঠিত হবে। নওশাদ সোলানকি বলেছেন দলিতদের অধিকার সংক্রান্ত একটি দাবিনামা বিজেপি সরকারের কাছে পেশ করা হবে।
আন্দোলনের অংশ হিসেবে ২ অক্টোবর আহমেদাবাদে বড় সমাবেশ করবে কংগ্রেস। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বুদ্ধিজীবী এবং বেসরকারি সংস্থাগুলোকে সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছে কংগ্রেস। এনডিটিভি/এমএএস
