বেতাগীতে মাদ্রাসার টিনশেড দ্বিতল ঘর জরাজীর্ণ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৫
উপজেলার রহমাতপুর আলীম মাদ্রাসায় শ্রেণিকক্ষের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। একমাত্র টিনশেড ভবনটি জরাজীর্ণ দশা। যে কোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে।
 
জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে ১৯৬৭ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। কিন্তু বর্তমানে ভবনের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। পাঠদানের কাজে ৩ রুম বিশিষ্ট একটি টিনশেড ভবন রয়েছে। কিন্তু ভবনটির এখন জরাজীর্ণ অবস্থা।  বিগত সিডরে এটি  ভেঙে পড়ে । পরে কোনো রকম জোড়াতালি দিয়ে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
 
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ  নুরুল আমিন জানান, ‘পড়াশোনার মান ভালো হওয়ায় ছাত্রদের চাপ বেশি। পড়াশোনায় যাতে পিছিয়ে না থাকে সে কারণে সচেতন অভিভাবকরা সন্তানদের এখানে ভর্তি করান। কিন্তু ক্লাস রুমের অভাবে পড়ুয়াদের নিয়ে আমরা বিপাকে পড়েছি।’
 
অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন,  ‘শ্রেণিকক্ষের অভাবে ভোগান্তি  পোহাচ্ছি। আমরা ক্লাসে গিয়ে মনোযোগ দিয়ে স্বচ্ছন্দে পাঠ নিতে চাই।’
 
উপজেলা নির্বাহী অফিসার এমএম মাহমুদুর রহমান বলেন, ‘ভবনের অভাবে   শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’
 
 
ইত্তেফাক/এএন