মুক্তিযুদ্ধের নাটক পরিবেশনের মধ্য দিয়ে রাজধানীতে পর্দা উঠল জঙ্গিবাদ বিরোধী জাতীয় নাট্যোত্সবের। হবিগঞ্জের নাট্যদল জীবনসংকেত নাট্যগোষ্ঠীর ‘জ্যোতিসংহিতা’ মঞ্চস্থের মধ্য দিয়ে শুরু হলো এ উত্সব। ভাটি বাংলার মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা উঠে এলো সে নাটকে। যে কোনো ক্রান্তিকালে মুক্তিযুদ্ধই আমাদের প্রেরণা। জঙ্গিবাদের বিরুদ্ধে এই জাতীয় নাট্যোত্সবের শুরুটাও হলো মুক্তিযুদ্ধের বীরত্বগাথা বর্ণনার মধ্য দিয়ে।
সারাদেশের নাট্য সংগঠনগুলোকে নিয়ে ঢাকায় গতকাল শুরু হলো জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জাতীয় নাট্যোত্সব ২০১৬’। মঞ্চে মঞ্চে নাট্যকর্মীদের অভিনয়ে উচ্চারিত হলো জঙ্গিবাদের বিরুদ্ধে মানবতার বাণী। উচ্চারিত হলো অশুভের বিরুদ্ধে সত্য, সুন্দরের আহ্বান। ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ এ শ্লোগান নিয়ে ঢাকার চারটি মঞ্চে চলবে এ উত্সব।
গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় ১৮ দিনব্যাপী নাট্যোত্সবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী।
জাতীয় সঙ্গীত পরিবেশন ও উত্সব সঙ্গীতের সঙ্গে জঙ্গিবাদ বিরোধী মনোমুগ্ধকর কোরিওগ্রাফির মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় গ্রুপ থিয়েটার ফেডারেশন ও শিল্পকলা একাডেমির আয়োজনে এ উত্সব।
আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতি কর্মীদের জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় এসেছে। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধে সংস্কৃতি কর্মীরা অবদান রেখেছেন। ইতিহাসের সেই ধারাবাহিকতায় আবারও সময় এসেছে জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবার। সে লক্ষ্যেই এ নাট্যোত্সব। নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার জঙ্গিবাদের উত্থান সংস্কৃতি কর্মীদের সকল শক্তি দিয়ে মোকাবিলার আহ্বান জানান।
উত্সবের উদ্বোধন শেষে মঞ্চস্থ হয় হবিগঞ্জের জীবনসংকেত নাট্যগোষ্ঠীর ‘জ্যোতিসংহিতা’। একই সময় পরীক্ষণ থিয়েটার হলে সিরাজগঞ্জের নাট্যলোক পরিবেশন করে ‘নারী নসিমন’, মহিলা সমিতি মঞ্চে গাইবান্ধার পদক্ষেপ নাট্যদল মঞ্চায়ন করে ‘পলোনাথ কোম্পানি’।
মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটি লিখেছেন রুমা মোদক ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাট্যকার রুমা মোদক জানান, ভাটি বাংলার বীর মুক্তিযোদ্ধা জগেজ্যাতি দাস ও দাস পার্টির দুরন্ত যুদ্ধগাথা নিয়েই নাটক ‘জ্যোতিসংহিতা’।
নাটকটিতে অভিনয় করছেন শ্যামা ধর, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, রুমা মোদক, সৈয়দ আব্দুল বাকী ইকবাল, সনজিত সিনহা বাপ্পী, রিংকু দেব, সুজন চৌধুরী, মাজহারুল ইসলাম পাভেল, সৌরভ বিকাশ দেব, আজহারুল ইসলাম মুরাদ, কাজী লুত্ফুর রহমান, সুবীর রায়, আতিকুর রহমান রনি, শুভ্র বণিক, আলমগীর, সুমন, অভিজ্ঞান ধর, জীনাত জাহান নিশা, দৃষ্টি দেব, অরূপ দাশ অপু প্রমুখ।
উত্সবে মঞ্চস্থ হবে ৫৮টি নাটক। এর মধ্যে ঢাকার বাইরের রয়েছে ২৬টি নাটক। ঢাকা মহানগরের বিভিন্ন নাট্যদলের ৩২টি। নাট্যোত্সব চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে। শিক্ষার্থী ও নাট্যকর্মীরা ২০ টাকার বিনিময়ে নাটক দেখতে পারবেন। নিয়মিত টিকেটের মূল্য ২০০ ও ১০০ টাকা। মঞ্চগুলো হচ্ছে - শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তন।
