‘সব জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৩
 
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশের সকল জেলাকে কয়েক বছরের মধ্যে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে।
 
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা দরে প্রতি কেজি চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
মুজিবুল হক বলেন, বর্তমানে দেশে দুই হাজার ৮৭৭ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে অধিকাংশ স্থানে রেলপথ ডাবল লাইন করা হয়েছে। পর্যায়ক্রমে বিদ্যমান সকল রেলপথ ডাবল লাইন করা হবে।
 
মন্ত্রী আরো বলেন, খাদ্যশস্য উত্পাদনে আমরা বিশাল সফলতা অর্জন করেছি। বিদেশেও খাদ্য রফতানি হচ্ছে। এখন খাদ্য আর সারের জন্য দেশের জনগণ ও কৃষককে হাহাকার করতে হয় না।
 
এসময় মন্ত্রী পঙ্গু ও অন্ধদের একটি তালিকা তৈরির জন্য উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নির্দেশনা দেন এবং তাদেরকেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন।
 
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

ইত্তেফাক/এএসএস