পৌনে তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ কাস্টম অফিসের সুপার এম এম জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে দুর্নীাতি দমন কমিশন।
রবিবার সকালে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম ইকবাল নওগা থেকে তাকে গ্রেফতার করেন। এদিকে অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় সাবেক সিভিল সার্জন ও সোনালী ব্যাংকের এক অফিসারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত শনিবার রাতে পৃথক অভিযানে চুয়াডাঙ্গা ও বাগেরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
দুদক সূত্র জানিয়েছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের এপ্রিলে যশোরের অভয়নগর থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৮৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ৩১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এদিকে সিভিল সার্জন গ্রেফতারের ব্যাপারে দুদক সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার সাবেক সিভিল সার্জন ডা. মো. নাজমুল হক অন্যদের যোগসাজশে মিথ্যা ভাউচার দেখিয়ে ২২ লাখ ৮০ হাজার টাকার সরকারি ওষুধ আত্মসাৎ করেন। যে অভিযোগে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।
অপর দিকে গ্রেফতারকৃত সোনালী ব্যাংক বাগেরহাট শাখার অফিসার (ক্যাশ) জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সোনালী ব্যাংকের বাগেরহাট শাখা থেকে ৪ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৪৫৩ টাকা আত্মসাৎ করেন। যে অভিযোগে ২০১৫ সালের ১ অক্টোবর বাগেরহাট থানায় মামলা দায়ের করে দুদক।
ইত্তেফাক/এমআই
