কুমিল্লায় আবদুল করিম (৪৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছে। রবিবার রাতে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল করিম বুড়িচং উপজেলার পাচোড়া গ্রামের মৃত বজলুর রহমানের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী বেলায়েত হোসেন তার এক আত্বীয়কে সৌদির ভিসা দেয়ার জন্য আব্দুল করিমের হাতে ৫ লাখ টাকা দেন। কিন্তু সময় মতো ভিসা দিতে না পারায় এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
এদিকে ২ মাসের ছুটিতে আবদুল করিম দেশে আসার পর বিরোধ আরও চরম আকার ধারণ করে। নিহত আবদুর করিমের ভাই শরিফুল ইসলাম জানান, রবিবার রাতে এশার নামাজের সময় ৩০/৪০ জন লোক লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট চালায়। হামলাকারীরা বাসা থেকে স্বর্ণালংকার, আসবাবপত্র, লেপটপ, মোবাইলসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এ সময় বাধা দেয়ায় প্রবাসী করিমের উপরও হামলা চালানো হয়। ওই হামলায় নারীসহ আরও ৬ জন আহত হয়।
হামলার ঘটনার পর প্রবাসী করিমকে আশংকাজনক অবস্থায় প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমেক হাসপাতালে আনা হয়। রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাত সাড়ে ১১টায় বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি নেতা বিল্লাল, আবু তাহের মাষ্টার, গাজী মনির হোসেনসহ ৬ জনকে আটক করেছে।’ ওই প্রবাসীর মরদেহ কুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এএন
