স্পোর্টস রিপোর্টার
নারী ক্রিকেটারদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং। আগামী ২৫ এপ্রিল মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। গতকাল উইমেন্স উইংয়ের এক সভায় সিদ্ধান্ত হয়েছে- আগামী ২০ এপ্রিল নারী ক্রিকেটারদের দলবদল অনুষ্ঠিত হবে। এসব তথ্য জানিয়েছেন, বাংলাদেশ নারী দলের টিম অপারেটিং ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম।
গতকাল সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও মাঠের স্বল্পতায় আমরা প্রিমিয়ার লিগ শুরু করতে পারিনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা প্রিমিয়ার লিগটা শুরু করব ছেলেদের খেলা শেষ হলে। কারণ তখন মেয়েদের জন্য ভালো মাঠ পাওয়া সহজ হবে আমাদের জন্য।’
নাজমুল আবেদীন ফাহিম আরো বলেছেন, ‘আমরা ২৫ এপ্রিল লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং দলবদল অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল।’
সাধারণত নিয়ম অনুযায়ী একই মৌসুমে প্রথম বিভাগ ক্রিকেট ও প্রিমিয়ার লিগ খেলতে পারেন না কোনো ক্রিকেটার। তবে এবার নারী প্রিমিয়ার লিগে নতুন নিয়ম করছে উইমেন্স উইং। যেখানে প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলা ২০-২২ ক্রিকেটার খেলতে পারবেন প্রিমিয়ার লিগেও। এ সম্পর্কে নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, খেলোয়াড় স্বল্পতার কারণেই এমন সুযোগ দেওয়া হয়েছে। ক্লাবগুলো চাইলে প্রথম বিভাগ লিগ থেকেও ক্রিকেটার দলে টানতে পারবে।
