আগামী অক্টোবরে প্যারিস চুক্তি অনুমোদন করবে ভারত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৬
জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি আগামী অক্টোবরে অনুমোদন করবে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা জানিয়েছেন। যে দেশগুলো সবচেয়ে বেশি গ্রিন হাউজ গ্যাস নির্গমন করে ভারত তার অন্যতম।
 
বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত কার্বন-ডাই-অক্সাইড গ্যাসকে দায়ী করা হয়। এই গ্যাসটি সূর্য থেকে আসা তাপ ধরে রাখে। ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়।
 
প্যারিস জলবায়ু চুক্তিতে অন্তত ৫৫টি দেশের সমর্থন প্রয়োজন। প্রয়োজনীয় দেশগুলোর সমর্থন পাওয়া গেলে চুক্তিটি মেনে চলার একটি আইনি বাধ্যবাধকতা তৈরি হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বের প্রথম সমন্বিত চুক্তি এটি।
 
কেরালায় ক্ষমতাসীন বিজেপির একটি সভায় চুক্তি স্বাক্ষরের বিষয়ে কথা বলেন মোদী। তিনি বলেন, চুক্তিটি এখনো কার্যকর হয়নি। ভারতও এতে এখনো স্বাক্ষর করেনি। আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করছি আমি।'
 
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে গত ডিসেম্বরে প্যারিসে জলবায়ু সম্মেলনে মিলিত হয়েছিল বিশ্ব নেতৃবৃন্দ।
 
যুক্তরাষ্ট্র ও চীন ৪০ শতাংশ কার্বন নির্গমনের জন্য দায়ী। গত মাসে দেশ দুটি আনুষ্ঠানিকভাবে প্যারিস চুক্তি অনুমোদন দিয়েছে। -বিবিসি/ইত্তেফাক/এমএএস