যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মুখোমুখি প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। সোমবারের ওই বিতর্ক শেষ হওয়ার পরপরই সিএনএন এর জরিপে ট্রাম্পকে পেছনে ফেলেন হিলারি।
অথচ বিতর্কের আগে বলা হয়েছিল, দুই প্রতিদ্বন্দ্বী খুব কাছাকাছি অবস্থায় আছেন। সিএনএন ওআরসি’র করা জরিপে হিলারির পক্ষে ৬২ শতাংশ ভোটাররা সমর্থন দিয়েছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন মাত্র ২৬ শতাংশ। এদিকে সিএনবিসির’র করা অনানুষ্ঠানিক জরিপে দেখা যায় ৬১ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করছেন যেখানে ৩৯ শতাংশ সমর্থন করছেন হিলারিকে। বিতর্কের পরে পাবলিক পলিসি পোলিং এর জরিপে ৫১ শতাংশ মানুষ বলেছে বিতর্কে জয় পেয়েছেন হিলারি। ৪০ শতাংশর মতে ট্রাম্প জিতেছেন, যেখানে ৯ শতাংশ সিদ্ধান্তহীন ছিলেন।
নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন জমে উঠেছিলো এ বছরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রথম ও ঐতিহাসিক এই বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বেকারত্ব নিরসন, জঙ্গিবাদ বিষয়ে বিতর্ক করেন। বিতর্ক এক সময় ব্যক্তিগত পর্যায়ে যাওয়া শুরু করে যখন ট্রাম্প বলেন, হিলারির প্রেসিডেন্ট হওয়ার মানসিক অবস্থা নেই। এর জবাবে হিলারি বলেন, ট্রাম্প এখনো তার ট্যাক্স রিটার্ন দাখিল করেননি।
২০১৬ মার্কিন নির্বাচনের প্রথম সরাসরি টিভি বিতর্ক কমপক্ষে ১০ কোটি দর্শক দেখেছে। সোশ্যাল মিডিয়াও মেতে উঠেছিল এই বিতর্কে। বিতর্ক চলাকালীন প্রায় ৫০ লক্ষ টুইট হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
