চিনি শিল্প লাভজনক করতে পণ্য বৈচিত্র্যকরণের নির্দেশ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে পণ্য বৈচিত্র্যকরণ কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এ শিল্প লাভজনক করতে চিনিকলে শুধু চিনি করলেই চলবে না, অন্যান্য খাদ্যপণ্যও উত্পাদন করতে হবে। শিল্পমন্ত্রী গতকাল ২০১৮-১৯ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন। শিল্প মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্প সচিব মো. আবদুল হালিম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১০টি নতুন প্রকল্পসহ মোট ৫২টি উন্নয়ন প্রকল্প রয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ এক হাজার ৬৫ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে জিওবিখাতে ৯৩৭ কোটি ৯৭ লাখ টাকা, প্রকল্প সাহায্যখাতে ৫৭ কোটি ৮৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নখাতে ৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। 

 সভায় শিল্পমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক এ শিল্পকে লাভজনক করতে চিনিকলের উপজাত (বাই-প্রোডাক্ট) ব্যবহার করে নতুন পণ্য উত্পাদনের উদ্যোগ নিতে হবে। চিনিকলগুলোতে বিদ্যমান কাঁচামাল ব্যবহার করে খাদ্য উত্পাদন করার প্রয়াস জোরদার করতে হবে। তিনি ছোট ও নিম্নমানের প্রকল্প না নিয়ে বৃহত্ আকারে কার্যকর প্রকল্প গ্রহণের পরামর্শ দেন। যেসব প্রকল্প বাস্তবায়ন করলে ঘন ঘন খুচরা যন্ত্রাংশ বদলানোর প্রয়োজন হবে, সেগুলো পরিহার করে গুণগতমানের প্রকল্প গ্রহণ এবং দক্ষতার সঙ্গে ওই সব প্রকল্প বাস্তবায়নের ওপর তিনি গুরুত্ব দেন।

 তিনি আসন্ন ঈদ-উল-আজহার আগেই চামড়া শিল্পনগরীর কাজ শেষ করার তাগিদ দেন। ঈদের সময় চামড়া প্রক্রিয়াজাতকরণ নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে লক্ষ্যে এখন থেকেই সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার জন্য তিনি চামড়া শিল্পনগরী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।