ক্লাস থেকে ছাত্রকে বের করে দিলেন শিক্ষক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২২
লক্ষ্মীপুরের রামগঞ্জে কাশিমনগর ফাজিল মাদ্রাসায় মাসিক বেতন ও পরীক্ষার ফি পরিশোধ না করায় মঙ্গলবার এক ছাত্রকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়া হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমনগর ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ঈমান হাসানের মাসিক বেতন ও পরীক্ষার ফি বাবদ  ৮৯০ টাকা বকেয়া ছিল। বকেয়া পরিশোধ না বাংলা বিভাগের প্রভাষক মাসুদ আলম তাকে অপমান করে ক্লাশ থেকে বের করে দেয়।
 
ঈমান হাসানের পিতা তাজুল ইসলাম বাবুল বলেন,  ‘অভাব অনটনের কারণে মাদ্রাসার বেতন দিতে একটু দেরি হওয়ায় শিক্ষক সবার সামনে অপমান করে আমার ছেলেকে ক্লাশ থেকে বের করে দিয়েছে।’
 
প্রভাষক মাসুদ আলম বলেন, ‘প্রিন্সিপালের নির্দেশ ছিল- যে বেতন ও পরীক্ষার ফি না দিবে তাকে বের করে দেওয়ার। ইমাম হাসান টাকা না দেওয়ায় তাকে বের করে দিয়েছি।’
 
প্রিন্সিপাল মুহাম্মদ আবদুর রহিম বলেন, ‘একটু ভুল বুঝাবুঝি হয়েছে। বেত্রাঘাত নিষিদ্ধ আইনের কারণে আজ এ পরিস্থিতি।’
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিমা আক্তার জানান, ‘বিষয়টি আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে টাকার জন্য ছাত্রকে বের করে দেওয়াটা ঠিক হয়নি।’
 
ইত্তেফাক/ইউবি