রাজধানীর মিরপুরে ভবঘুরে আশ্রয় কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন ধসে কুলসুম আক্তার নিশি নামে (১৫) এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে ভবনটির একটি অংশ পাশেই টিনসেট ঘরে ধসে পড়লে কুলসুম ও তার ছোট ভাই রায়হান (৯) নিচে চাপা পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা ওই দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিত্সক কুলসুমকে মৃত ঘোষণা করে। নিহত ওই কিশোরী সততা মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
শাহআলী থানার ওসি আনোয়ার হোসেন জানান, মিরপুরের রাইনখোলার এক নম্বর সেকশনের নিউ সি ব্লকে সমাজসেবা অধিদফতরের ভবঘুরে আশ্রয় কেন্দ্রটি অবস্থিত। দীর্ঘদিন ধরেই এর একটি একতলা ভবন পরিত্যক্ত ঘোষণা করা ছিল। ওই ভবনটির পাশে কয়েকটি পরিবার টিনশেড ঘর তুলে বসবাস করছিল। গতকাল ভোরে ভবনের একটি অংশ ধসে টিনশেড ঘরে পড়ে। ওই ঘরে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুলসুম ও তার ভাই। এতে তারা নিচে চাপা পড়ে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, খবর পেয়ে তাদের উদ্ধারকারী দল চাপা অবস্থায় ৮ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে আহত দুইজনকে মিরপুর শিশু হাসপাতালে নেওয়া হলে কুলসুমকে চিকিত্সক মৃত ঘোষণা করে।
নিহতের বড় ভাই ইসমাইল হোসেন বলেন, তাদের গ্রামের বাড়ি শেরপুরে। গত কয়েক বছর ধরে তারা আশ্রয় কেন্দ্রের পাশে একটি ঘর তুলে বসবাস করে আসছিলেন।
ইত্তেফাক/এএন
