কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন ব্রহ্মপুত্র নদ থেকে এক মাংস বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বীরকুর্ষা গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
বুধবার সকালে স্থানীয়দের খবরে মির্জাপুর এলাকা ঘেঁষা ওই নদ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, কাজল মিয়া দীর্ঘদিন ধরে মির্জাপুর বাজারে গরু জবাই করে মাংস বিক্রি করে আসছিল। সোমবার রাতে বাড়ি থেকে মির্জাপুর বাজারে আসার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় মঙ্গলবার কাজল মিয়ার মা মিনারা খাতুন পাকুন্দিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। বুধবার সকালে ব্রহ্মপুত্র নদ ঘেঁষা মির্জাপুর এলাকায় নিখোঁজ কাজল মিয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবর রহমান জানান, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব না।
ইত্তেফাক/এএসএমইউ
