শহীদদের স্মরণে বগুড়ায় লাখো প্রদীপ প্রজ্বালন

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:০৫

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ২৫ মার্চ কালো রাতে এক লাখ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জেলাজুড়ে পালন করা হবে ‘লাখো শহীদ স্মরণে, লাখো প্রদীপ জ্বালো’ কর্মসূচি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে জেলা পুলিশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথভাবে আয়োজিত এই কর্মসূচিতে লাখো প্রদীপ হাতে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সন্ধ্যা ৭টা এক মিনিট বাজার সঙ্গে সঙ্গে লাখো প্রদীপ প্রজ্বলন করা হবে। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ এবং জিলা স্কুল মাঠে প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পুলিশ, আনসার বাহিনীর সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রাজনৈতিক ও পেশাজীবী, শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন।

শহরের মূল দুটি স্থানে প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আগে অতিথির বক্তব্য রাখবেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেছুর রহমান, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এবং পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। জেলা শহর ছাড়াও অভিন্ন সময়ে ১২ উপজেলা সদরে একযোগে প্রদীপ প্রজ্বলন করা হবে।