আলেপ্পো পুনর্দখলে বড় ধরনের স্থল অভিযান জোরদার শুরু করেছে সরকারি বাহিনী। এদিকে সিরিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়তি আরো ৩৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিদ্রোহীদের কাছ থেকে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পো পুনর্দখল করতে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আলেপ্পোর উত্তরাঞ্চলে সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। নতুন অভিযান শুরুর পর সরকারি বাহিনী আলেপ্পোর নিকটবর্তী ফারাফ্রা জেলা দখল করেছে।
এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সরকারি বাহিনী ফারাফ্রা জেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখন তারা ওই এলাকায় পুঁতে রাখা মাইন ধ্বংস করছে। ওই কর্মকর্তা আরো জানান, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবেই বিমান হামলা ও গোলাবর্ষণের সঙ্গে স্থল অভিযান জোরদার করা হয়েছে।
এদিকে সিরিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বাড়তি আরো ৩৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই অঞ্চলের যুদ্ধবিধ্বস্ত দেশগুলো এবং শরণার্থীদের খাদ্য, নিরাপদ পানি ও চিকিত্সা সরঞ্জামাদি সরবরাহে জাতিসংঘ এবং অন্য দাতা সংস্থাগুলোকে সহায়তা করবে এই তহবিল। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আলেপ্পোতে আটকে পড়া আহত ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদে সরিয়ে আনার জন্য সহায়তার আহ্বান জানিয়েছে। এএফপি, আলজাজিরা ও বিবিসি/এমএএস
