থাইল্যান্ডে নির্যাতনের সংস্কৃতি চলছে: অ্যামনেস্টি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪০
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, থাইল্যান্ডে সামরিক বাহিনী ক্ষমতা নেয়ার পর থেকে 'নির্যাতনের সংস্কৃতি' বহাল রেখেছে। অ্যামনেস্টির রিপোর্টে ৭৪টি নির্যাতনের ঘটনার উল্লেখ করা হয়েছে।
 
এতে প্রহার করা, পানিতে চুবানোসহ নানা নির্যাতনের ঘটনার উল্লেখ আছে। তবে সামরিক বাহিনী নির্যাতনের কথা অস্বীকার করেছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র জেনারেল সেনসার্ন বলেন, আমাদের তদন্তে এ ধরনের কোন ঘটনা ধরা পড়েনি।
 
গত বুধবার সংবাদ সন্মেলনের মাধ্যমে রিপোর্টটি প্রকাশ করতে চেয়েছিল অ্যামনেস্টি। কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, অনুষ্ঠানের বক্তাদের গ্রেপ্তার করা হতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক রাফেন্দি যামিন বলেন, সামরিক সরকারের আমলে থাইল্যান্ডে নির্যাতনের সংস্কৃতি বিকাশ লাভ করেছে। যেখানে দোষীদের জবাবদিহি করতে হচ্ছে না এবং নির্যাতিতরা সুবিচার পাচ্ছে না। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেউথ চেন ঘোষণা দিয়েছেন আগামী বছর সেদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
২০১৪ সালে একমাস ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা চলাকালে দেশে শান্তি-শৃংখলা ফিরিয়ে আনার অজুহাতে ক্ষমতা নেয় সামরিক বাহিনী। তারা ভিন্ন মতাবম্বীদের ধরে ধরে জেলে পুরে গণমাধ্যমের ওপর কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।