আবাদপুকুর-আদমদীঘি সড়কের অবস্থা বেহাল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২৫
রাণীনগর উপজেলার আবাদপুকুর থেকে আদমদীঘি হয়ে বগুড়া ও নওগাঁ চলাচলের একমাত্র সড়কটির মাঝে মাঝে বড় বড় খানা-খন্দকে ভরপুর। দেখে মনে হবে এ যেন রাস্তা নয় ছোট ছোট পুকুর। প্রতিনিয়তই যাত্রীসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে আর ঘটেই চলেছে ছোট-বড় দুর্ঘটনা।
 
রাণীনগর উপজেলার পূর্বাঞ্চলের প্রায় ৫০টি গ্রামের মানুষ আবাদপুকুর হয়ে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার একমাত্র ভরসা এই সড়কটি। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। একমাত্র এই সড়কটির আবাদপুকুর বাসস্ট্যান্ড, ভেটি ও পারইল ব্রিজের কাছে ও অন্যান্য স্থানে মাঝে মাঝে পাকা, ইট ও বালু উঠে গিয়ে প্রায় এক হতে দুই ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এই সব গর্তে পানি জমে তৈরি হয় ছোট ছোট পুকুরে।
 
পুরো সড়কের মাঝে মাঝে পিস উঠে গিয়ে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে বড় বড় গর্তের। দীর্ঘদিন যাবত্ এই সব বড় বড় গর্তসহ সড়কের কোনো সংস্কারের কাজ না হওয়ায় দিন দিন দুর্ভোগ বেড়েই চলছে।
 
স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন, কামাল আহমেদসহ অনেকে জানান, দীর্ঘদিন যাবত্ এই সড়কটির কোনো সংস্কারের কাজ করা হয়নি।
 
উপজেলা প্রকৌশলী মো. সাইদুর রহমান মিঞা জানান, উপজেলার এই সড়কের বেহাল দশা সংস্কারের জন্য উপরমহল বরাবর চাহিদাপত্র দিয়েছি। বরাদ্দ পেলেই সংস্কারের কাজ শুরু করা হবে।
 
 
ইত্তেফাক/এএন