ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৮
 
ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছে পাকিস্তান। পরমাণু অস্ত্র শোপিস হিসেবে বানানো হয়নি বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।
 
বেসরকারি টিভি চ্যানেল সামাকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ বলেছেন, ভারত আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ার দুঃসাহস দেখালে আমরা দেশটিকে ধ্বংস করে দেব। ভারতের যেকোনো আক্রমণের জবাব দিতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে।
 
তিনি বলেছেন, শোকেসে প্রদর্শন করার জন্য আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করিনি। এই অস্ত্র ব্যবহারের পরিস্থিতি তৈরি হলে আমরা এটা ব্যবহার করব ও ভারতকে ধ্বংস করে দেব।
 
ভারত যদি পাকিস্তানের আকাশসীমায় কোন সন্ত্রাসী কার্যক্রম চালায় তবে বিমান বাহিনী এর জবাব দেয়ার জন্য প্রস্তুত আছে। পাকিস্তানের মন্ত্রী দাবি করেছেন, কাশ্মির সংকট সমাধানে পাকিস্তান যতোটা আগ্রহী ভারত ততোটা নয়।
 
উরিতে ১৮ সেনা নিহতের ঘটনাটি ভারতের নিজেদের পরিকল্পনায় করা বলেও দাবি করেছেন খাওয়াজা আসিফ। কাশ্মির ইস্যু থেকে বিশ্বের চোখ ফিরিয়ে নেয়ার জন্য এই করা হয়েছে বলে দাবি তার।
 
অন্যদিকে ভারতের দাবি, পাকিস্তানের সন্ত্রাসীদের হামলায় উরিতে ভারতের সেনা নিহত হয়েছে বলে তাদের কাছে প্রমাণ আছে। খবর: ডেকান ক্রনিকল।
 
ইত্তেফাক/এএসএস