সন্ত্রাসীদের সমর্থন দিতেই যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য : রাশিয়া

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০২
 
সন্ত্রাসীদের সমর্থন দিতেই রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বক্তব্য দিচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। সম্প্রতি সিরিয়ায় বোমা হামলা নিয়ে যুক্তরাষ্ট্র বারবার রাশিয়াকে দায়ী করার পর দেশটির ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সার্জেই রেবকোভ বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্রের এ সব বক্তব্য মূলত সন্ত্রাসীদের সাহায্য করার জন্য।
 
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবের বুধবার দেয়া এক বক্তব্যকে উল্লেখ করেন রাশিয়ার এই ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী।
 
সেই বক্তব্যে কিরবে বলেন, সিরিয়ার সংঘর্ষ বন্ধে রাশিয়ার এক ধরণের প্রয়োজনীয়তা রয়েছে। কেননা সন্ত্রাসীরা সেখানে রাশিয়ার প্রয়োজনীয় স্থানগুলোতে হামলা চালাতে পারে। এমনকি সেখান থেকে তারা রাশিয়ার কোন শহরেও হামলা চালাতে পারে।
 
কিরবের এমন বক্তব্যের সমালোচনা করে রেবকোভ বলেন, এটি অতি আবেগের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।
 
এ সময় তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র প্রদত্ত সিরিয়ায় সাত দিনের হামলা পরিকল্পনা রাশিয়া কখনই গ্রহণ করবে না। বরং মস্কো সেখানে ৪৮ ঘণ্টার 'মানবিক বিরতি' (যুদ্ধ বিরতি) দেয়ান পক্ষে অবস্থান করবে। ডেইলি মেইল।
 
ইত্তেফাক/আরএ