সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৬
 
সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে মিম নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খাসবাগান গ্রামে এ ঘটনা ঘটে। 
 
নিহত শিশু মিম খাসবাগান গ্রামের আল আমিন ফকিরের মেয়ে। তবে বেঁচে যায় মিমের ছোট বোন মরিয়ম (৫)।
 
দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলীসহ স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল দুই বোন মিম ও মরিয়ম। অসাবধানতায় দুই বোন পানিতে পড়ে যায়। 
 
এদিকে, দুই বোনকে খুঁজতে মা-বাবাসহ তাদের স্বজনরা বিভিন্ন স্থানে যান। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর পাড়ে যেয়ে দেখেন মরিয়ম পানিতে ভেসে আছে। তারা এ সময় মরিয়মকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও মিমকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুজির একপর্যায়ে পানিতে ডুবে থাকা অবস্থায় মিমের মরদেহ উদ্ধার করেন তারা। 
 
আশাশুনি থানার ওসি গোলাম রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
 
ইত্তেফাক/কেকে