বড়াইগ্রামে খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২০
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ বাজারের খাস খতিয়ান সম্পত্তি থেকে ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা ভূমি প্রশাসন।
 
বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বানুর নেতৃত্বে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
 
জানা গেছে, উপজেলার ধানাইদহ বাজারে নাটোর-পাবনা মহাসড়কের পাশে ১ নং খাস খতিয়ানভুক্ত ৫২ শতাংশ জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা একটি গোডাউন ও মুদিখানা, চা স্টল ও কাপড়ের দোকানসহ বিভিন্ন সামগ্রী বিক্রির মোট ১২টি দোকান গড়ে তোলে। এক সপ্তাহ আগে ভূমি অফিসের পক্ষ থেকে এসব স্থাপনার মালিকদেরকে তাদের দোকানপাট ও মালামাল সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়। কিন্তু তাতে সাড়া না দেয়ায় বৃহস্পতিবার সকালে পুলিশ প্রশাসনের সহায়তায় এসব দোকানপাট ও গোডাউন ভেঙ্গে দিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়।
 
সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বানু তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দখলমুক্ত করা জায়গায় নগর ইউনিয়ন ভূমি অফিস করা হবে। নোটিশ দিয়ে সময় বেঁধে দিলেও দখলদারেরা দোকানপাট সরিয়ে না নেয়ায় নিয়মানুযায়ী সেগুলো ভেঙ্গে দেয়া হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ