বগুড়া শহরে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীরা শহরে ভাঙচুর করেছে।
নিহত ইব্রাহিম হোসেন সবুজ (২৪) বগুড়া সরকারি আযিযুল হক কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। তিনি কাহালু উপজেলার নাহার পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
জানা গেছে, সরকারি আযিযুল হক কলেজের ছাত্রলীগের এক কর্মী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ফুলবাড়ি এলাকায় কলেজের পুরাতন ভবনে যান। এ সময় ভাড়া নিয়ে রিকশাচালকের সঙ্গে তার তর্কবিতর্কের একপর্যায়ে ছাত্রলীগ কর্মী রিকশাচালককে মারধর করেন। এ সময় স্থানীয় এক যুবক বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র রিকশাচালকের পক্ষ নিয়ে ওই ছাত্রলীগ কর্মীকে মারধর করে। পরে ছাত্রলীগের ওই কর্মী কলেজের ভিতরে গিয়ে বিষয়টি জানালে ৩০-৪০ জন ছাত্র স্থানীয় ওই যুবক ও তার সহযোগীদের মারধর করে।
দুপুর দেড়টার দিকে শহরের ফুলবাড়ি এলাকার একদল যুবক আযিযুল হক কলেজের পুরাতন ভবনের সামনে অবস্থানরত ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় সবুজ ও শিবলী নামের দুইজনকে ছুকিাঘাত করা হয়। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করে।
এদিকে সবুজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা সরকারি আযিযুল হক কলেজের পুরাতন ভবন এবং কামারগাড়ি এলাকায় কলেজের নতুন ভবনের সামনে সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে খুনের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ইত্তেফাক/ইউবি
