আবারো বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় বসতবাড়িতে ফাটল
মতিউর রহমান, স্টাফ রিপোর্টার, দিনাজপুর দেশের একমাত্র দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির প্রভাবে খনির সংলগ্ন চৌহাটি গ্রামে নতুন করে ফাটল দেখা দিয়েছে। নতুন করে ফাটল দেখা দেওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত তিনদিন আগে নতুন করে ফাটল দেখা দেওয়ায় গ্রামবাসীরা রাতের বেলায় পরিবার-পরিজন নিয়ে নির্ঘুম সময় কাটাচ্ছেন। তাদের মধ্যে একটাই ভয় কাজ করছে কখন যেন, ঘর-বাড়ি ধ্বসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। গতকাল রবিবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চৌহাটি গ্রামের অধিকাংশ বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে।
বাগেরহাটে পানি দিবসে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি বিশ্ব পানি দিবসে রবিবার বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সনাক বাগেরহাটের সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, অধ্যাপক এবিএম মোশাররফ হোসাইন প্রমুখ।
বিরামপুরে আন্তঃসম্পর্ক উন্নয়ন সভা
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করণের লক্ষ্যে রবিবার স্থানীয় প্রশাসনের সঙ্গে জনগণের আন্তঃসম্পর্ক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো এনজিওর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আউয়াল, ইউপি সদস্য আ. লতিফ প্রমুখ।
পাইকগাছায় আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এনতাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হিতামপুরস্থ এনতাজ আলী স্মৃতি পাঠাগার চত্বরে পাঠাগারের সহ-সভাপতি অ্যাডভোকেট জিএ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গাজী মোহাম্মদ আলী, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহ
ধরে কর্মবিরতিতে কর্মকর্তা-কর্মচারীরা
বেরোবি সংবাদদাতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে টানা প্রায় দুই সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচলাবস্থার সৃষ্টি হলেও সাড়া মিলছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কর্মকর্তাদের দাবিগুলো মেনে না নেওয়ায় এবং কোনো আশ্বাস না পাওয়ায় রবিবার ১৪তম দিনেও সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রেখেছেন কর্মকর্তারা। উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আমিনুর রহমানকে অব্যাহতি, ডেপুটি রেজিস্ট্রার গোলাম মোস্তফাকে সংস্থাপন শাখা থেকে অন্য দপ্তরে বদলিসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি করছে অফিসার্স অ্যাসোসিয়েশন।
অপহূত মাদ্রাসা ছাত্র উদ্ধার
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা নান্দাইল থেকে অপহূত মাদ্রাসা ছাত্র মো. উমর ফারুককে রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেন থেকে যাত্রীরা উদ্ধার করে গফরগাঁও রেলওয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ময়মনসিংহ জিআরপি থানার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, অপহরণকারীকে ময়মনসিংহ জিআরপি থানায় অপহূত শিশুসহ আটক রাখা হয়েছে। অপহূত শিশুটির আত্মীয়স্বজন বা পরিবারের লোকদের সংবাদ দেওয়ার চেষ্টা করছি।
বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা বাসাইলে নির্বাচনী শো-ডাউন শেষে বাড়ি ফেরার পথে শনিবার সন্ধ্যায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। উপজেলার ফুলকি ইউনিয়নের হাকিমপুর-জশিহাটি সড়কের হাকিমপুর তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কাশিল ইউনিয়নের কামুটিয়া গ্রামের শাওন ও জামিল।
নলছিটিতে হত্যা মামলার আসামির লাশ উদ্ধার
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা নলছিটিতে ছাত্রলীগ কর্মী সজল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম তালুকদার ওরফে কানাবাল সাইদুলের হাত-পা কাটা লাশ রবিবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কবির হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, নিহত সাইদুল বরিশাল বিএম কলেজের ছাত্র ও মোল্লারহাট ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সজল হাওলাদার হত্যা মামলার আসামি। সম্প্রতি সে জামিনে মুক্তি পেয়েছিল। সাইদুল হত্যাকাণ্ডের পরপরই ইউপি চেয়ারম্যান কবির হোসেনকে গ্রেফতার করা হয়।
