আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১৫জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার একথা জানায় সংস্থাটি।
বুধবার দেশটির পূর্বাঞ্চলে এই হামলায় আহত হয়েছেন আরো ১৩ জন। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি নানগাঘার প্রদেশের আইএস ঘাটিতে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।
জবাবে আফগানিস্তানে জাতিসংঘের মিশন জানায়, কিছু আইএস জঙ্গি হয়তো মারা যেতে পারে তবে নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ও একজন শিক্ষকও ছিলেন।
নানগারহার প্রদেশের আইনপ্রণেতা এসমাতুল্লাহ শিনওয়ারি মার্কিন সংবাদ সংস্থা এসোশিয়েটেড প্রেসকে জানিয়েছেন, প্রদেশের আচিন জেলায় একজন উপজাতি নেতা সৌদি আরবে হজ পালন শেষে বাড়ি ফিরলে তাকে স্বাগত জানাতে বহু লোক তার বাড়িতে জড়ো হয়। সেখানে মার্কিন বাহিনী ড্রোনের মাধ্যমে হামলা চালালে এসব ব্যক্তি নিহত হয়। রয়টার্স
ইত্তেফাক/এমএইচ
