প্রধানমন্ত্রী ফিরছেন, অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ভিড়

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা ও যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফরশেষে আজ শুক্রবার বিকালে দেশে ফিরছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী এমিরেটসের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন। 
 
এদিকে, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। শুক্রবার বেলা ২টার পর থেকে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। 
 
আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢোল, তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে উপস্থিত হচ্ছেন। তাঁরা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্লোগান দিচ্ছেন। 
 
বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল ফ্লাইওভার, হোটেল রেডিসন, কাকলীর মোড়, বনানী, জাহাঙ্গীর গেইট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণী, সামরিক জাদুঘর, জাতীয় সংসদ ভবন মোড় হয়ে গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবে সর্বস্তরের জনগণ।
 
নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার জাতিসংঘ কর্তৃক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কানাডায় ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’ ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সফল নেতৃত্ব দেওয়ার জন্য তাকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।
 
এদিকে, গণসংবর্ধনা সফল করতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দীর্ঘ পথে ৮টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দর থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ সংবর্ধনা দেবে। খিলক্ষেত থেকে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত গণসংবর্ধনায় নেতৃত্ব দেবেন কামাল আহমেদ মজুমদার এমপি ও এ কে এম রহমতউল্লাহ এমপি। কুড়িল ফ্লাইওভার থেকে হোটেল রেডিসন পর্যন্ত থাকবেন আসলামুল হক আসলাম এমপি ও ইলিয়াছ উদ্দিন মোল্লা এমপি। হোটেল রেডিসন থেকে চেয়ারম্যান বাড়ী, মহাখালী ফ্লাইওভার এলাকায় থাকবে বনানী, গুলশান থানা আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সর্বস্তরের জনগণ। মহাখালী ফ্লাইওভার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত থাকবেন জাহাঙ্গীর কবির নানক এমপি ও আসাদুজ্জামান খান কামাল এমপির নেতৃত্বে আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ। 
 
 
 
ইত্তেফাক/এমআই