ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানকে ইহুদি নিধনের সঙ্গে তুলনা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৪
ফিলিপাইনে চলমান মাদকবিরোধী অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হিটলারের ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। মাদকাসক্তদের সঙ্গে তুলনা করায় ফিলিপাইনের প্রেসিডেন্টের সমালোচনা করেছে ইহুদি নেতারা।
 
ইহুদি নেতারা বলেছেন, 'দুতের্তের মন্তব্য ও নাৎসিদের হাতে নিহত ইহুদিদের সংখ্যা কমিয়ে বলা অমানবিক ও অপমানজনক।' জার্মান নাৎসিদের হাতে ইউরোপজুড়ে ৩০ লাখ ইহুদি প্রাণ হারিয়েছিল বলে মন্তব্য করেছিলেন দুতের্তে।
 
তিনি বলেন, 'হিটলার যতো ইহুদি হত্যা করেছিলেন আমিও ততো সংখ্যক মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীকে হত্যা করবো। হিটলার ৩০ লাখ ইহুদি মেরেছিল... মাদক ব্যবহারকারীর সংখ্যাও ৩০ লাখ। আমি আনন্দের সাথে তাদের হত্যা করব।'
 
ইহুদি সম্প্রদায়ের নেতারা দুতের্তের এই মন্তব্যের সমালোচনা করে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্টের এই মন্তব্য মানুষের জীবন ও ফিলিপাইনের জনগণের প্রতি অপমান বলেও ইহুদি নেতারা মনে করেন।
 
ফিলিপাইনে ক্ষমতা গ্রহণের পর থেকে কঠোর মাদক বিরোধী অভিযান চালাচ্ছেন দুতের্তে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারী রয়েছেন। সূত্র: বিবিসি/ইত্তেফাক/এমএএস